বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাটে ইফতার পার্টি ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির গড়ে উঠল। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মিলিত উপস্থিতিতে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডলের ব্যবস্থাপনায় বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পাতিলাচন্দ্র বেদিয়াপোতা ফুটবল ময়দানে এই বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ যোগ দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সাহানুর মণ্ডল বলেন, “বাংলা চিরকালই সম্প্রীতির পীঠস্থান। এখানে হিন্দু-মুসলিম সকলেই মিলেমিশে বসবাস করেন।”
